স্টাফ রিপোর্টারঃ
কুমিল্লার বরুড়ায় শ্রদ্ধা আর ভালোবাসায় রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা শামসুল হক সর্দারের দাফন সম্পন্ন হয়েছে।
বরুড়া উপজেলা সাবেক মুক্তিযুদ্ধের সংসদ কমান্ডার, অবসরপ্রাপ্ত সেনাবাহিনীর সদস্য বীর মুক্তিযোদ্ধা মো. সামসুল হক সর্দার (৮৫) শুক্রবার ৩ জুলাই ভোর ৫টা ৩০ মিনিটে ঢাকার সিএমএইচ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)
পারিবারিক সূত্রে জানা যায়, তিনি দীর্ঘদিন ধরে হৃদরোগ ও বার্ধক্যজনিত বিভিন্ন রোগে ভুগছিলেন। মহান মুক্তিযুদ্ধের সময় তিনি সামরিক বাহিনীর একজন সদস্য হিসেবে দেশের স্বাধীনতা অর্জনে সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন। মুক্তিযুদ্ধ চলাকালে তিনি একটি জোনে সেক্টর কমান্ডারের দায়িত্বও পালন করেন।
ব্যক্তিজীবনে তিনি নিজ গ্রাম বরুড়া পশ্চিমপাড়া সমাজের দীর্ঘ ৩৬ বছর সর্দার হিসেবে দায়িত্ব পালন করেছেন। এছাড়া তিনি বরুড়া উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার, স্থানীয় একটি বেসরকারি হসপিটালের (ইসডু) ব্যবস্থাপনা পরিচালক ছিলেন এবং রাজনৈতিক ভাবে বরুড়া পৌরসভা বিএনপির সভাপতি ছিলেন। পাশাপাশি তিনি বিভিন্ন সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠনের নেতৃত্ব দিয়েছেন।
জীবদ্দশায় তিনি দেশ ও সমাজের কল্যাণে সাহসী ও দায়িত্বশীল ভূমিকা পালন করে মানুষের শ্রদ্ধা ও ভালোবাসা অর্জন করেন।
মৃত্যুকালে তিনি স্ত্রী, ও ৩ কন্যা সন্তান, আত্মীয়-স্বজন এবং অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। তাঁর মৃত্যুতে বরুড়া উপজেলাজুড়ে শোকের ছায়া নেমে আসে। শুক্রবার বাদ আসর বরুড়া কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে তাঁর জানাজার নামাজ অনুষ্ঠিত হয়। পরে রাষ্ট্রীয় মর্যাদায় গার্ড অব অর্নার প্রদান শেষে পারিবারিক কবরস্থানে তাঁর দাফন সম্পন্ন করা হয়। এ সময় বরুড়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সাংবাদিক মোঃ ইলিয়াছ আহমদ এর সঞ্চালনায় মরহুমের প্রতি স্মৃতি চারন করেন কুমিল্লা সদর আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মনিরুল হক চৌধুরী, উপজেলা নির্বাহী অফিসার আসাদুজ্জামান রনি, উপজেলা সহকারী কমিশনার ভূমি আহসান হাফিজ, বরুড়া থানা অফিসার ইনচার্জ কাজী নাজমুল হক,
কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সাধারণ সম্পাদক আশিকুর রহমান মাহমুদ (ওয়াসিম), সদস্য আমির হোসেন, বরুড়া উপজেলা বিএনপি’র সাবেক সভাপতি আলহাজ্ব মোঃ জুনাব আলী, সিনিয়র সহ-সভাপতি সৈয়দ রেজাউল হক রেজু, সাধারণ সম্পাদক সৈয়দ জহিরুল হক স্বপন, সাংগঠনিক সম্পাদক মোঃ নুরুল হক, বরুড়া পৌরসভা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ মফিজুল ইসলাম, যুগ্ম সাধারন সম্পাদক মোঃ জাকির হোসেন, সাংগঠনিক সম্পাদক মোঃ মোস্তফা জামান হানিফ। মরহুমের জানাজার নামাজে দূরদূরান্ত থেকে হাজারো নেতাকর্মী ও আত্মীয়-স্বজন অংশগ্রহণ করেন।
এ সময় মরহুমের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।
Reporter Name 









