নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে প্রায়ই এআই (কৃত্রিম বুদ্ধিমত্তা) দিয়ে বানানো ছবি, ভিডিও বা মিম শেয়ার করেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সম্প্রতি তেমনই একটি ভিডিও শেয়ার করেন তিনি, যার একটি অংশে সাবেক মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা ও তার স্ত্রী মিশেল ওবামাকে বানর হিসেবে উপস্থাপন করা হয়।
এ নিয়ে যুক্তরাষ্ট্রে তীব্র সমালোচনা ও নিন্দার ঝড় ওঠে। এবার ওই ভিডিও নিয়ে সরাসরি ট্রাম্পের সমালোচনা করেছেন বারাক ওবামা।
তিনি ট্রাম্পের এমন কর্মকাণ্ডকে মার্কিন রাজনৈতিক শিষ্টাচারের চরম অবক্ষয় হিসেবে অভিহিত করেছেন। ওবামা বলেছেন, রাজনীতি এখন একটি ‘ক্লাউন শো’ বা সস্তা তামাশায় পরিণত হয়েছে। রোববার (১৫ ফেব্রুয়ারি) রাজনৈতিক বিশ্লেষক ব্রায়ান টাইলার কোহেনকে দেওয়া এক পডকাস্ট সাক্ষাৎকারে তিনি এ কথা বলেন।
পডকাস্টে ওবামা বলেন, ‘যারা একসময় পদের মর্যাদা এবং শিষ্টাচারকে সম্মান করত, তাদের মধ্যে এখন আর কোনো লজ্জা নেই। আমেরিকার রাজনৈতিক আলোচনা এখন যে পর্যায়ের নিষ্ঠুরতায় গিয়ে ঠেকেছে, তা আগে কখনো দেখা যায়নি।’
Reporter Name 









